আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচারই বিএনপির একমাত্র সম্বল। বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া তাদের আর কোন কাজ নেই।
তিনি বলেন, ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে মির্জা ফখরুল দিবাস্বপ্ন দেখা শুরু করেছেন। কিন্তু তাতে কোন লাভ হবে না। তারা বিদেশে গিয়ে আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে শুধু নালিশ করেন। কিন্তু বিশ্বে ক্রমাগত সরকারের ভাবমূর্তি উন্নত হয়েছে।
ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে শহরের নওজোয়ান মাঠে আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ডিসেম্বরে থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত গণআন্দোলন গড়ে তুলতে পারেননি। আগামী জুন থেকে নভেম্বর পর্যন্তও পারবেন না। দেখতে দেখতে চলে গেছে ১৪ বছর, আন্দোলন হবে কোন বছর। মরা গাঙ্গে কখনও জোয়ার আসেনা।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র ২৭ দফা ছিল ভুয়া, ৫৪ দল ছিল ভুয়া। এই ভুয়া দল বিএনপি’র সাথে কোন সাধারণ মানুষ নাই।
‘আওয়ামী লীগের নেতাদের পিছনে আজরাইল ঘুরে বেড়াচ্ছে’ সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা জনগণের কোন সন্ধান পাননা, অথচ আজরাইলের খোঁজ পেলেন কিভাবে? মির্জা ফখরুল প্রতি রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন, দিবা স্বপ্নও দেখেন। তিনি স্বপন দেখেন ক্ষমতার, দেখেন ময়ূর সিংহাসনের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কথা সব সময় ভাবেন, অর্থনীতির কথা ভাবেন, মানুষের কল্যাণের কথা ভাবেন। পুরো সময় কিভাবে মানুষের কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেই চিন্তায় মগ্ন থাকেন।
এ ছাড়াও তিনি শহরের সরিষাহাটির মোড়ে নবনির্মিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন করেন।
