আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের জব্দ করা ১০০ কেজি গাঁজার বহুল আলোচিত মামলার পলাতক আসামি মো. সাকিব আহমেদ (২৪)-কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩ ও র্যাব-১১-এর যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার দুতিয়ারা দিঘির এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চরপাড়া, আমড়াতলী এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বাড্ডার পশ্চিম মেরুল প্রগতি সরণিতে ট্রাফিক পুলিশের তল্লাশির সময় একটি জিপ ফেলে পালিয়ে যায় চালক। পরে গাড়িটি তল্লাশি করে ২০টি পোটলায় রাখা মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাকিব আহমেদ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বাড্ডাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র্যাবের দাবি, তিনি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
