আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় সংঘর্ষে সেলুন কর্মী কিশোর সুকান্ত দে (১৫) হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলাল উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার (বাগানপাড়া) বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় সেলুন কর্মী কিশোর সুকান্ত দে ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা ২৫ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা বেলাল উদ্দিনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক, অগ্নিসংযোগ ও যৌতুক আইনে মোট চারটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত বেলাল উদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
