আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ইরান কোনো জাহাজে হামলা চালালে তার জবাবে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২২ জুলাই) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তেহরানের ভেতরে বা আশপাশে থাকা একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে তা ধ্বংস করবে।
এদিকে, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এতে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে।
ট্রাম্পের এ মন্তব্যের সমালোচনা করে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও কয়েকজন বিশ্বনেতা বলেছেন, বেসামরিক স্থাপনায় হামলার হুমকি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী।
