নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও এ বিষয়ে এখনও কোনো নোটিশ পায়নি নির্বাচন কমিশন (ইসি)। নোটিশ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বুধবার (২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে জানানো হবে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর সাংগঠনিক তদন্ত শেষে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
