ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

“যুক্তরাষ্ট্র–ইরান ৬০ দিনের সমঝোতা স্মারকে প্রাথমিক একমত; যুদ্ধবিরতি ও পরমাণু আলোচনা শুরু করার উদ্যোগ”

সত্যের কন্ঠ
মে ২৯, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
পঠিত: 41 বার
Link Copied!

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ খুলতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারীরা একটি ৬০ দিনের সমঝোতা স্মারক (এমওইউ)-এ প্রাথমিকভাবে একমত হয়েছেন। তবে এখনো এতে চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য উঠে এসেছে অ্যাক্সিওসের প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যস্থতার সঙ্গে যুক্ত মার্কিন কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রগুলো জানায়, প্রায় সব শর্তেই দুই পক্ষ একমত হলেও চূড়ান্ত স্বাক্ষরের জন্য উভয় দেশের শীর্ষ নেতৃত্বের অনুমোদন প্রয়োজন। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক মেনে নেওয়ার কথা নিশ্চিত করেনি।

এক মার্কিন কর্মকর্তা জানান, এটি মূলত দুই পক্ষকে আলোচনার টেবিলে আনার একটি কাঠামোগত সমঝোতা, যার মাধ্যমে পরবর্তী ধাপে বিস্তারিত চুক্তি নির্ধারণ করা হবে।

প্রস্তাবিত ৬০ দিনের এমওইউতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা থাকবে না। প্রণালিতে কোনো টোল বা হয়রানি করা হবে না এবং ইরানকে ৩০ দিনের মধ্যে সেখানে থাকা মাইন অপসারণ করতে হবে। একই সঙ্গে ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শিথিল এবং ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা কমানোর বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস বা স্থানান্তরসহ পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে আলোচনা শুরু হবে বলে জানা গেছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল ও আটকে থাকা ইরানি তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনা করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এমওইউতে আঞ্চলিক ইস্যু, বিশেষ করে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর ভূমিকা এবং লেবাননে সংঘাত পরিস্থিতি নিয়েও আলোচনা অন্তর্ভুক্ত থাকবে।

তবে প্রক্রিয়া চলাকালীনই হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে তিনি আরও কিছুদিন সময় নিতে চান।

এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকে সম্মতি দেয়নি, ফলে চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।