দেশের সব ব্যাংক আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে উপলক্ষে সব ধরনের লেনদেন বন্ধ রাখবে। একই দিনে দেশের প্রধান দুই শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, প্রতিবছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ পালিত হয়। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য এই দুটি দিনে তফসিলি ব্যাংকগুলো লেনদেন বন্ধ রেখে বার্ষিক হিসাবনিকাশ সম্পন্ন করে। অর্থবছরের প্রথম দিন (১ জুলাই) এবং পঞ্জিকা বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) ব্যাংকগুলোতে লেনদেন না হলেও, দাপ্তরিক কার্যক্রম চালু থাকে। এদিন ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকে, তবে কোনো লেনদেন হয় না।
নীতি অনুযায়ী, ব্যাংক হলিডে চলাকালে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কোনো গ্রাহক সেবা প্রদান করে না। তবে গ্রাহকরা কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।
অন্যদিকে, শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—এও লেনদেন বন্ধ থাকে। তবে মঙ্গলবার পুঁজিবাজারে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে বলে জানা গেছে।
