ইরানের সম্ভাব্য হামলা প্রতিহত করতে অত্যাধুনিক সি-র্যাম (C-RAM) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই ব্যবস্থার মাধ্যমে ড্রোন প্রতিহতের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
জানা যায়, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোন এলাকায় ড্রোন হামলা প্রতিহত করতে এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে মার্কিন বাহিনী।
সি-র্যাম (Counter Rocket, Artillery, Mortar) মূলত স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রথমে মার্কিন নৌবাহিনীতে ব্যবহৃত হয়। পরবর্তীতে এর স্থল সংস্করণ তৈরি করা হয়। আধুনিক যুদ্ধে ড্রোন, রকেট ও মর্টারের হামলা প্রতিহতে এটি বেশ কার্যকর হিসেবে বিবেচিত।
এই প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত রাডার শত্রু লক্ষ্যবস্তু দ্রুত শনাক্ত করে এবং স্বয়ংক্রিয়ভাবে ২০ মিলিমিটার ক্যালিবারের গোলাবর্ষণ করে। প্রতি মিনিটে প্রায় ৪ হাজার ৫০০ রাউন্ড গুলি ছুঁড়তে সক্ষম এই সিস্টেম, যা স্বল্পসময়ে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে।
তবে এই ব্যবস্থার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নয় সি-র্যাম, কারণ এর কার্যকর পাল্লা মাত্র ১ থেকে ২ কিলোমিটার। তবে ইন্টারসেপ্টর মিসাইলের পরিবর্তে বুলেট ব্যবহার হওয়ায় এর পরিচালনা ব্যয় তুলনামূলক কম এবং স্বল্পমূল্যের ড্রোন হামলা প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর।
এছাড়া হামলার সময় স্বয়ংক্রিয়ভাবে সাইরেন বাজিয়ে আশপাশের মানুষকে সতর্ক করে দেয় এই প্রতিরক্ষা ব্যবস্থা।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস, সামরিক ঘাঁটি এবং যুদ্ধক্ষেত্রের অস্থায়ী ক্যাম্পগুলোতে এই সি-র্যাম এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রাখা হয়েছে বলে জানা গেছে।
