ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৬
আজকের সর্বশেষ সবখবর

আইপিও প্রক্রিয়া আরও দ্রুত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হবে: বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান

সত্যের কন্ঠ
জুন ৮, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
পঠিত: 41 বার
Link Copied!

দেশের পুঁজিবাজারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও (IPO) প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে বাজারের সকল অংশীজনের সহযোগিতায় একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল রোববার (০৭ জুন ২০২৬ খ্রি.) রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানসহ তিন কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে যায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। এ সময় অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদ বিএসইসি কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ডিএসই প্রতিনিধিদলে পরিচালক সৈয়দ হাম্মাদুল করীম, মুহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, স্নেহাশীষ বড়ুয়া, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, হানিফ ভূঁইয়া, সাজেদুল ইসলাম এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিশনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বৈঠকের শুরুতে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, “দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর, গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে কমিশন একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। আমাদের মূল লক্ষ্য হবে অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা। এ লক্ষ্যে সম্প্রতি প্রণীত আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।” তিনি পুঁজিবাজারের কার্যক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাইজেশন নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দেন।

ডিএসই পরিচালনা পর্ষদের বিভিন্ন প্রস্তাব ও আশাবাদ

  • ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম: পুঁজিবাজারে কাঙ্ক্ষিত ও মৌলিক সংস্কার বাস্তবায়নে ডিএসই বোর্ড ও ব্যবস্থাপনা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আইপিও মূল্যায়ন ও বাজার তদারকিতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ঝুঁকিভিত্তিক নিয়ন্ত্রক পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।

  • পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির: কার্যকর উন্নয়নের জন্য বিএসইসি ও ডিএসইর মধ্যে দায়িত্ব ও কর্তৃত্বের স্পষ্ট বিভাজন, কার্যকর সমন্বয় এবং সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ার উন্নয়ন প্রয়োজন।

  • পরিচালক স্নেহাশীষ বড়ুয়া: আইপিও ও রাইটস ইস্যু প্রক্রিয়ায় অধিকতর জবাবদিহিতা, দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে হবে।

  • পরিচালক রিচার্ড ডি রোজারিও: শেয়ার ক্যাটাগরি ব্যবস্থার পুনর্মূল্যায়ন, আধুনিক সেটেলমেন্ট ব্যবস্থা চালু এবং ডিলিস্টিং প্রক্রিয়া গুরুত্ব সহকারে কার্যকর করা প্রয়োজন।

  • পরিচালক মিনহাজ মান্নান ইমন: ব্রোকারেজ খাতের অনিয়ম প্রতিরোধ এবং আইপিও প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় স্টক এক্সচেঞ্জের ভূমিকা আরও শক্তিশালী করার দাবি জানান এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

  • ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার: স্ক্রিপ্ট নেটিং ও টি-প্লাস-১ (T+1) সেটেলমেন্ট ব্যবস্থা চালুর লক্ষ্যে ডিএসই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে এবং এ বিষয়ে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।