হরমুজ প্রণালি না খুললে ইরানের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩০ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি হরমুজ প্রণালি দ্রুত ব্যবসার জন্য উন্মুক্ত না করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
ট্রাম্পের হুমকির মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র এবং খারগ দ্বীপ, যা ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আলোচনা প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সামান্য অস্থিরতাও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকা সত্ত্বেও সামরিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি।
