ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৬
আজকের সর্বশেষ সবখবর

জেলেনস্কির কাঁধে হাত ইউরোপীয় মিত্রদের, ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়া

সত্যের কন্ঠ
মার্চ ১, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
পঠিত: 215 বার
Link Copied!

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির মধ্যে বৈঠক তীব্র বাদানুবাদে রূপ নেয়। এ সময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেখানে উপস্থিত ছিল।

শুক্রবারের (২৮ ফেব্রুয়ারি) বৈঠকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখার চেষ্টা করছিলেন জেলেনস্কি। কিন্তু বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর প্রতিক্রিয়া দেখিয়েছে আরেক বৈশ্বিক মোড়ল রাশিয়াসহ অন্য দেশের নেতারাও।

ট্রাম্পের সাথে বাগবিতণ্ডার জেরে হোয়াইট হাউজ থেকে রীতিমতো বিতাড়িত হওয়ার পরও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে, ডোনাল্ড ট্রাম্প ও মার্কিনীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি দাবি করেন, ইউক্রেনের চাওয়া দীর্ঘস্থায়ী শান্তি। আর সে লক্ষ্যেই কাজ করছেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিপুল সহায়তা পাওয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করছেন না জেলেনস্কি। তার অভিযোগ, জেলেনস্কি শান্তি চায় না। যদি তিনি শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার পক্ষে থাকেন, তাহলে অবশ্যই হোয়াইট হাউসে আবারও ফিরবেন।

বৈঠকে জেলেনস্কিকে একের পর আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন’ বলে অভিযোগ করেন ট্রাম্প। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার-চেঁচামেচির পর্যায়ে চলে যায়।

মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন— এমন মন্তব্য করে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। সেসময় মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প।

ওভাল অফিসের সার্বিক এই কথোপকথন দেখেছে সারা বিশ্ব। এর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়াও। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে ট্রাম্প ‘বদমাশ’ জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টে লেখেন, আমি মনে করি, জেলেনস্কির একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল, হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল। কোনো সমর্থন পায়নি।

তিনি আরও লেখেন, ট্রাম্প ও ভ্যান্স (যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট) কীভাবে সেই বদমাশকে আঘাত করা থেকে বিরত ছিলেন; সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।