মাইক্রোসফট টিকটকের মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ অধিগ্রহণের জন্য আলোচনা করছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির অংশ বিক্রি নিয়ে ‘নিলাম যুদ্ধ’ দেখতে চান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টিকটক নিয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি নিলামের প্রস্তুতি নিচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বলবো, হ্যাঁ।’ টিকটক কেনার বিষয়ে বেশ কয়েকটি কোম্পানি আগ্রহ দেখিয়েছে।
ট্রাম্প এবং পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক বছর ধরে জাতীয় নিরাপত্তার অজুহাতে টিকটকের মূল চীনা কোম্পানি বাইটড্যান্সকে তাদের যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে বাধ্য করার চেষ্টা করে আসছেন।
গত সপ্তাহে শনিবার সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও, বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এক নির্বাহী আদেশে ট্রাম্প সই করার পর টিকটক আবার যুক্তরাষ্ট্রে চালু হয়। বর্তমানে দেশটিতে ১৭ কোটি ব্যবহারকারী এই অ্যাপটি ব্যবহার করেন।
ট্রাম্প টিকটককে ৭৫ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিলেও, তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি বাইটড্যান্সকে তাদের অ্যাপ বিক্রির জন্য চাপ দিতে শুরু করেন।
এর আগে, ২০২০ সালের আগস্টে বাইটড্যান্স সম্ভাব্য ক্রেতা হিসাবে মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ করেছিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময় মাইক্রোসফটের প্রধান নির্বাহী টিকটককে ‘অদ্ভুত জিনিস’ হিসাবে বর্ণনা করেছিলেন।
পরে, টিকটক সম্ভাব্য অংশীদার হিসেবে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী ওরাকলকে বেছে নেয়। তবে সেই চুক্তি কখনোই বাস্তবায়িত হয়নি।
ট্রাম্প আরও বলেছেন, টিকটক কেনার বিষয়ে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে এবং আগামী ৩০ দিনের মধ্যে অ্যাপটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আশা প্রকাশ করেছেন।
