পাকিস্তানের বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন বাহিনী। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পাল্টা জবাব হিসেবে শনিবার এই আক্রমণ চালানো হয়েছে। তবে উভয়পক্ষের হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সংঘর্ষে পাকিস্তানের অন্তত ১৯ সেনা এবং তিনজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের এক সৈন্য নিহত হয়েছেন।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের সীমান্ত এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। রয়টার্স জানিয়েছে, এ সংঘর্ষে উভয়পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করেছে।
এর আগে, গত ২৫ ডিসেম্বর পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়, যেখানে ৪৬ জন নিহত হন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এই ঘটনার পর তালেবান প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল।
শনিবার সকালে আফগানিস্তানের বাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে হামলা চালায়। এএফপি জানিয়েছে, পাকিস্তানের সীমান্ত জেলা কুররামে সংঘর্ষে একজন পাকিস্তানি সৈন্য নিহত এবং সাতজন আহত হন।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সীমান্তের কয়েকটি পয়েন্ট, যেখান থেকে আফগানিস্তানে হামলা চালানো হয়েছিল, সেগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।
চলতি বছর পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, বিভিন্ন সংঘর্ষে তাদের ৩৮৩ সৈন্য নিহত এবং ৯২৫ জঙ্গি হত্যা করা হয়েছে। তালেবান শাসন শুরু হওয়ার পর পাকিস্তানের পশ্চিম সীমান্ত অঞ্চলে জঙ্গি কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
সূত্র: রয়টার্স
