ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আরও অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ৮৩০ ছাড়িয়েছে। এছাড়া, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় গাজায় আরও ৩০ জন নিহত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে অক্টোবর থেকে শুরু হওয়া সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮৩৫ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় এখন পর্যন্ত এক লাখ ৬ হাজার ৩৫৬ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণে ৩০ জন নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, গাজার বিভিন্ন স্থানে ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল গাজায় তার হামলা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় লাগাতার বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে। এসব হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজারো স্থাপনা ধ্বংস হয়েছে।
এছাড়া, ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
