ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৮
আজকের সর্বশেষ সবখবর

১২ বছর পর দামেস্কে তুরস্কের দূতাবাস পুনরায় চালু

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৫, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
পঠিত: 71 বার
Link Copied!

দীর্ঘ ১২ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও কার্যক্রম শুরু করেছে তুরস্কের দূতাবাস। শনিবার (১৪ ডিসেম্বর) দামেস্কে অবস্থিত এই দূতাবাসে তুর্কি পতাকা উত্তোলন করা হয়েছে।

এর আগে ২০১২ সালে তুরস্কের এই দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগলুকে ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেওয়ার পর দূতাবাসটি আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করা হয়েছে।

গত বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তাকে নতুন পদে দায়িত্ব প্রদান করেন।

আনাদোলু জানিয়েছে, দামেস্ক শহরের রাওদা স্কোয়ারের কাছে অবস্থিত এই দূতাবাস এমন একটি এলাকায় অবস্থিত যেখানে অন্যান্য দেশের কূটনৈতিক মিশনও রয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সিরিয়ার আসাদ সরকারের সহিংস দমন-পীড়নের পর তুর্কি দূতাবাস কিছু সময়ের জন্য কার্যক্রম চালিয়ে গিয়েছিল। তবে ২০১২ সালের ২৬ মার্চ দূতাবাসের দৈনন্দিন কার্যক্রম স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের পর দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা তুরস্কে ফিরে যান।

এদিকে সিরিয়ার কনস্যুলেট জেনারেল ইস্তাম্বুলে নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “দীর্ঘ ১২ বছর পর আমাদের প্রিয় পতাকা উত্তোলনের মাধ্যমে দামেস্কে দূতাবাস পুনরায় চালু করতে পেরে আমরা আনন্দিত। এটি সিরিয়ার স্থিতিশীলতা এবং এই অঞ্চলে শান্তি ও সহযোগিতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি আরও আশা প্রকাশ করেছেন যে, তুরস্ক ও সিরিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক “ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের জীবন স্বাভাবিককরণে অবদান রাখবে এবং দেশটির প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত পুনর্গঠনে সহায়তা করবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।