ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৬
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার ভেতর থেকেই রুশ বিমানঘাঁটিতে হামলা

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
পঠিত: 188 বার
Link Copied!

রাশিয়ার পসকভ শহরে একটি বিমানঘাঁটিতে মঙ্গলবার যে ড্রোন হামলা হয়েছে তা রাশিয়ার ভেতর থেকেই পরিচালিত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের গোয়েন্দাপ্রধান।

কিরিলো বুদাবভ বলেন, হামলায় দুটি ইলিউশিন সামরিক পরিবহন বিমান ধ্বংস হয়েছে এবং আরো দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া অবশ্য বলছে, তাদের চারটি বিমানের ক্ষতি হয়েছে। বুদানভ অবশ্য খুলে বলেননি ওই হামলা ইউক্রেনীয়রা চালিয়েছে না কি রাশিয়ার ভেতরে রুশ নাগরিকদের কাজে লাগানো হয়েছে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের তৈরি একটি অস্ত্র ৭০০ কিলোমিটার দূরের একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইউক্রেনের সীমান্ত থেকে পসকভ প্রায় ৫০০ কিলোমিটার দূরে।

বৃহস্পতিবার দি ওয়ার জোন ওয়েবসাইটকে ইউক্রেনের গোয়েন্দাপ্রধান বুদানভ বলেন, ‘আমরা রাশিয়ার ভেতর থেকে কাজ করছি।’ তবে কোন ধরণের এবং কতগুলো ড্রোন মঙ্গলবারের ওই হামলায় ব্যবহার করা হয় তা খোলাসা করেননি তিনি।

তিনি বলেন, রুশ বিমানগুলোর উপরিভাগ, জ্বালানি ট্যাংক এবং ডানা টার্গেট করে হামলা চালানো হয়। যেসব রুশ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দূরপাল্লার সামরিক পরিবহন বিমান। অনেক দূরে সেনা ও সরঞ্জাম পাঠাতে এগুলো ব্যবহার করা হয়। সুতরাং মঙ্গলবারের হামলায় রাশিয়ার সমর সম্ভারে বেশ ক্ষতি হয়েছে।

অন্যদিকে বৃহস্পতি ও শুক্রবার রাতেও রাশিয়ার ভেতরে বেশ কতগুলো জায়গায় ড্রোন হামলা হয়েছে।

অসমর্থিত একটি খবরে বলা হয়েছে, মস্কোর কাছে লুবার্টাসি নামে একটি শহরে রকেটের ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় ড্রোন আঘাত করেছে।

তবে মস্কো ও আশপাশে এর আগে বিভিন্ন হামলার সময়ের মতোই শুক্রবার সকালেও রাজধানীর বিমানবন্দরগুলোতে বেশ কয়েকটি ফ্লাইট ওঠানামায় বিলম্ব হয়েছে, কয়েকটি বাতিল হয়েছে।

সূত্র : বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।