ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১০
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থানই আলোচনার প্রধান বাধা: ইরান

সত্যের কন্ঠ
জুন ৭, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
পঠিত: 45 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় প্রধান বাধা হলো ওয়াশিংটনের পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থান বলে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। রোববার (৭ জুন) তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বাঘেই বলেন, এই প্রশাসনের সঙ্গে আলোচনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনাকে ক্রমাগত পরিবর্তিত অবস্থান, লক্ষ্য পরিবর্তন, ভিন্ন ভিন্ন বক্তব্য এবং বিভিন্ন কর্মকর্তার পরস্পরবিরোধী মন্তব্যের মুখোমুখি হতে হয়। ফলে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও কষ্টসাধ্য হয়ে ওঠে।

তিনি আরও বলেন, মতবিরোধের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে মূল বিষয় হলো, আমেরিকাকে বুঝতে হবে যে তাদের ইরানের অধিকার স্বীকার করতে হবে। এর মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালনার অধিকারও অন্তর্ভুক্ত।

ইসমাইল বাঘেই বলেন, একই সময়ে তারা যখন আমাদের অবরুদ্ধ সম্পদের কথা বলছে, তখনও তারা আমাদের কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের নিষেধাজ্ঞা বন্ধ করতে হবে। নিষেধাজ্ঞা ও অবরুদ্ধ সম্পদের বিষয়ে তাদের শুধু ইরানের সম্পদ মুক্ত করে ইরানিদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

তিনি অভিযোগ করেন, এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র সম্মান করছে না। তার মতে, তারা হরমুজ প্রণালি এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানের বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানায়, উপসাগরীয় অঞ্চলে ইরানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা অব্যাহত রাখতে তারা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে শনিবার রাতে নৌপরিবহনের জন্য হুমকি সৃষ্টি করা আরও দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।