ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৭
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে ভারতীয় বার্তায় বাংলাদেশের অনুপস্থিতি

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৬, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ
পঠিত: 94 বার
Link Copied!

প্রতিবছর বিজয় দিবস এলে ভারতের প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনী, মন্ত্রিসভা এবং বিরোধী দলের নেতারা এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রতি বছর এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন। তবে এসব বার্তায় কোথাও বাংলাদেশের নাম থাকে না। মুক্তিযুদ্ধ, মুক্তিবাহিনী কিংবা বাংলাদেশের মানুষের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের গল্পও উপেক্ষিত থেকে যায়।

এবারও নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্টে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৭ মিনিটে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। তাদের বীরত্ব প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

মোদির বার্তাটি এমনভাবে উপস্থাপিত হয়েছে যেন এটি শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর বিজয়। পুরো বার্তায় কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। এমনকি এটি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত, তা বোঝারও কোনো সুযোগ নেই।

শুধু মোদি নন, ভারতীয় রাজনীতিবিদ ও তারকারাও প্রতি বছর একই ধরনের বার্তা দেন। যেমন গুজরাট বিধানসভার সদস্য পূর্ণিশ মন্ত্রী বিজয় দিবসে মন্তব্য করেন, “আমাদের সৈন্যদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাই।”

মোদির এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। অনেকেই তার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে মন্তব্য করেছেন যে ভারতীয়রা বাংলাদেশের বিজয়ের গৌরবকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। কেউ কেউ এটিকে সম্মানসূচক পররাষ্ট্রনীতির পরিপন্থী বলে মন্তব্য করেছেন এবং মোদির মনোভাবকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবেও চিহ্নিত করেছেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাদের যৌথ অংশগ্রহণে এ যুদ্ধ জয়ী হয়। তবে আজও বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উপেক্ষিত রেখে ভারতীয় বার্তাগুলো যে প্রশ্নের জন্ম দেয়, সেটি হলো— এ বিজয় আসলে কার?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।