শত্রু পক্ষ নিত্যনতুন প্রযুক্তি ও আধুনিক যুদ্ধাস্ত্রের অধিকারী হচ্ছে এমন হুঁশিয়ারি দিয়ে ইরানের সামগ্রিক প্রতিরক্ষা কাঠামোকে সংস্কারের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ‘ব্যর্থ’ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ মে) ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সামরিক কমান্ডারদের উদ্দেশে বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি তাদের দীর্ঘমেয়াদি ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিরাপত্তার জন্য আমেরিকার ওপর নির্ভর করার ধারণাটি যে সম্পূর্ণ অবাস্তব এবং অকার্যকর, তা এখন প্রমাণিত।
শত্রু দেশের প্রযুক্তিগত অগ্রগতির ওপর আলোকপাত করে পেজেশকিয়ান বলেন, আমাদের শত্রু পক্ষ প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও নতুন যুদ্ধকৌশল আয়ত্ত করছে। তাই যেকোনো মূল্যে ইরানি বাহিনীকে প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকতে হবে এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়াতে হবে। এই লক্ষ্য অর্জনে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়, বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং জ্ঞানভিত্তিক বা আইটি কোম্পানিগুলোকে সামরিক খাতের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত করার তাগিদ দেন তিনি।রও দেখুনবিনোদনমূলক
বক্তব্যের শেষ অংশে ইরানি প্রেসিডেন্ট দেশের সশস্ত্র বাহিনীকে তাদের পেশাদারিত্ব বজায় রাখার জন্য ধন্যবাদ জানান। রাজনীতি ও দলীয় প্রভাব থেকে নিজেদের মুক্ত রেখে সেনাবাহিনীর এই জাতীয় স্বার্থভিত্তিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিকে দেশের জন্য একটি ‘অনন্য সম্পদ’ হিসেবে অভিহিত করেন তিনি।
