ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

‘নগদ’ টিকিয়ে রাখতে বড় বিনিয়োগ প্রয়োজন : বাংলাদেশ ব্যাংক

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
পঠিত: 117 বার
Link Copied!

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’কে ভালো অবস্থানে নিয়ে যেতে বড় ধরনের বিনিয়োগ জরুরি। তাই স্থানীয় বা বিদেশি যে কোনো উৎস থেকে বিনিয়োগ এলে তা স্বাগত জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান নিজ কার্যালয়ে এ কথা বলেন।

‘নগদ’ এক সময় বড় ধরনের সংকটের মধ্যে পড়েছিল জানিয়ে আরিফ হোসেন খান বলেন, নগদের বিশাল গ্রাহকভিত্তির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রশাসক ও প্রশাসক টিম নিয়োগ করে। দীর্ঘ সময় প্রশাসক টিম দায়িত্ব পালন করায় প্রতিষ্ঠানের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিভিন্ন আর্থিক সূচক ও লেনদেনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি বলেন, তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। নগদকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে বড় বিনিয়োগ প্রয়োজন। এই বিনিয়োগ স্থানীয় বা বিদেশি যেখান থেকেই আসুক না কেন, তা গ্রহণযোগ্য। কারণ নগদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান। এটি টিকে থাকতে না পারলে বাজারে একচেটিয়া পরিস্থিতি তৈরি হতে পারে, যা সাধারণ গ্রাহকদের জন্য ক্ষতিকর হবে।

অতীতে ‘নগদ’-এ বিদেশি বিনিয়োগ আহ্বান করে আন্তর্জাতিক দরপত্রের উদ্যোগ নেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সেই উদ্যোগের সঙ্গে একমত ছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনার জন্য অপেক্ষা করা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

‘নগদ’-এ যেসব অনিয়ম হয়েছে, সেগুলো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে, বলেন তিনি। একই সঙ্গে স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মুখপাত্র বলেন, ‘নগদ’ এর মালিকানার সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগ জড়িত, যা একটি সরকারি প্রতিষ্ঠান। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারকে পরামর্শ ও কারিগরি সহায়তা দেবে।

 

তিনি জানান, ‘নগদ’-এ বিনিয়োগের আগ্রহ দেখিয়ে ইতোমধ্যে তিন থেকে চারটি আবেদন পাওয়া গেছে। এসব আবেদন একসঙ্গে মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও সরকারকে সমন্বয় করেই কাজ করে। সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা পালন করে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।