সামরিক আইন জারির ঘোষণার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সমালোচনার মুখে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
শনিবার (৭ ডিসেম্বর) দেওয়া ওই ভাষণে প্রেসিডেন্ট ইয়ুন বলেন, “আমি অত্যন্ত দুঃখিত। যারা এই ঘটনার কারণে মর্মাহত হয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। সামরিক আইন ঘোষণার আইনি কিংবা রাজনৈতিক দায় আমি এড়াব না। দ্বিতীয়বার আর কখনো মার্শাল ল’ জারি করবো না।”
এ সময় তিনি জানান, তার ক্ষমতায় থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত নেবে তার দল। ইয়ুন বলেন, “দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা আমি প্রেসিডেন্ট হিসেবে থাকবো কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আমি দলের ওপর ছেড়ে দিলাম।”
উল্লেখ্য, গত মঙ্গলবার উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষার অজুহাতে ইয়ুন সুক ইয়োল সামরিক আইন জারি করেন। তবে তীব্র বিক্ষোভ ও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে মাত্র ছয় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন তিনি। (সূত্র: রয়টার্স)
