তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানি আবারও স্থগিত করা হয়েছে। নতুন তারিখ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। সেদিন রিভিউ আবেদনটি কার্যতালিকার ১৩ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। এর আগে ১ ডিসেম্বর এ রিভিউ শুনানির জন্য ১৯ জানুয়ারির দিন ধার্য করা হয়েছিল।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে গত ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিভিউ আবেদন করেন। এর আগে একই বিষয়ে ২৭ আগস্ট সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার রিভিউ আবেদন করেছিলেন। পাশাপাশি, জামায়াত ইসলামীও একটি রিভিউ আবেদন করে। পরে এসব রিভিউ আবেদনের একত্রে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ এই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন।
