ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৭
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের উদ্বেগ: সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৩, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
পঠিত: 193 বার
Link Copied!

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক লঙ্ঘন নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, গুতেরেস বিশেষভাবে সিরিয়ায় বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।

দুজারিক বলেন, বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব সিরিয়ার পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে, সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর, বিশেষত ইসলামিক সংগঠন হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে, সাম্প্রতিক আক্রমণে বাশার আল-আসাদ সরকারের ৫৪ বছরের শাসনের অবসান ঘটে। এরপর বাশার আল-আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান এবং সেখানেই আশ্রয় নেন। সাধারণ জনগণ দেশব্যাপী বাশার আল-আসাদ ও তার বাবা হাফিজ আল-আসাদের ভাস্কর্য ও পোস্টার অপসারণ করে উল্লাস প্রকাশ করে।

২০১১ সালে বাশার আল-আসাদ শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থি আন্দোলন কঠোরভাবে দমন করেন, যার ফলে বিধ্বংসী গৃহযুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং এক কোটি ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়।

হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত কঠোর শাসন চালান। পরে তার ছেলে বাশার আল-আসাদ ক্ষমতায় আসেন।

হাফিজ আল-আসাদ সিরিয়ার একটি শিয়া সম্প্রদায়ভুক্ত ধর্মীয় সংখ্যালঘু আলাওতি গোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। এই সম্প্রদায়ের প্রধান আবাস ভূমধ্যসাগর উপকূলবর্তী ও তুরস্ক সীমান্তবর্তী লাতাকিয়া প্রদেশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।