সীমান্ত সমস্যা নিয়ে চীন ও ভারত মুখোমুখি অবস্থানে রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে দেশ দুটি দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তবুও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চীন জিনজিয়াংয়ে দুটি নতুন কাউন্টি প্রশাসনিক সদর দফতর তৈরি করেছে, যার একটি ভারতের অঞ্চলের অন্তর্ভুক্ত। শনিবার (৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ-১৮’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘হোটান প্রিফেকচার কর্তৃক পরিচালিত কাউন্টিগুলো চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিল দ্বারা অনুমোদিত। হংলিউ এবং জিডুলা নামে দুটি শহর যথাক্রমে হিয়ান এবং হেকাংয়ের ‘কাউন্টি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
মূলত, হিয়ান কাউন্টি চীনের দখলকৃত আকসাই চীনের প্রায় ৩৮ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
তবে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চীনের একতরফা এই পদক্ষেপ সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য চলমান দ্বিপাক্ষিক আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।
সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য গত ১৮ ডিসেম্বর নয়াদিল্লি ও বেইজিংয়ের বিশেষ প্রতিনিধি— ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেন। এই বৈঠকের মাধ্যমে প্রায় পাঁচ বছর ধরে স্থগিত থাকা সীমান্ত আলোচনা পুনরায় শুরু হয়।
তবে বিশেষ প্রতিনিধিদের সীমান্ত আলোচনার ১০ দিনের মাথায় চীন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
উল্লেখ্য, পূর্ব লাদাখের আকসাই চীনের প্রায় ৩৮ হাজার বর্গকিলোমিটার এলাকা ছাড়াও পাকিস্তান ১৯৬৩ সালে সাক্সগাম উপত্যকায় ভারতের প্রায় ৫ হাজার ১৮০ বর্গকিলোমিটার অঞ্চল চীনের কাছে হস্তান্তর করে।
