ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলায় পাঁচ শিশুসহ ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-মাওয়াসির তথাকথিত ‘সেফ জোন’ তাঁবুতে এ হামলা চালানো হয়।
আজ বুধবার (৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
গত ১৫ মাস ধরে দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৮৫ জনে, এবং আহতের সংখ্যা এক লাখ ৯ হাজার ১৯৬ জনে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের পর থেকে গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
এই হামলা থেকে রেহাই পায়নি মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন এবং শরণার্থী শিবিরও। ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এই হামলায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
