ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

“ইরান যুদ্ধের প্রভাবে এশিয়ার মুদ্রাবাজারে ধস, চাপে রুপি ও রুপিয়াহ”

সত্যের কন্ঠ
মে ১৪, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
পঠিত: 57 বার
Link Copied!

 

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খনিজ তেলের উচ্চমূল্য অব্যাহত থাকায় এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রাবাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে তেল আমদানিনির্ভর ভারত ও ইন্দোনেশিয়ার মুদ্রার মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, চলতি বছরে এশিয়ার উদীয়মান বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে ভারতীয় রুপি। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত রুপির মান ৬ শতাংশেরও বেশি কমেছে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা ২০ বিলিয়ন ডলারের বেশি পুঁজি তুলে নিয়েছেন, যা গত বছরের সব রেকর্ড ছাড়িয়েছে। ডিবিএস ব্যাংকের বিশ্লেষকরা জানিয়েছেন, বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে না কমলে কিংবা বিদেশি বিনিয়োগ না ফিরলে রুপির এই পতন ঠেকানো কঠিন হবে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়াহও বড় ধরনের চাপে পড়েছে। চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রুপিয়াহর বিনিময় হার প্রথমবারের মতো ১৭ হাজার ৫০০ অতিক্রম করে ১৭ হাজার ৫৩৫-এ পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।

বিশ্লেষকরা বলছেন, ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ আর্থিক দুর্বলতার পাশাপাশি তেলের বাড়তি মূল্য দেশটির চলতি হিসাবের ঘাটতি আরও বাড়িয়ে দিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে তারা বিশেষ হস্তক্ষেপ অব্যাহত রাখবে।

তবে এশিয়ার সব দেশের পরিস্থিতি একই নয়। দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক খাতে বিদেশি বিনিয়োগ বাড়ায় সেখানকার মুদ্রার ওপর চাপ কিছুটা কমেছে। একইভাবে থাইল্যান্ডের বাথের ওপর চাপও কিছুটা শিথিল হয়েছে, যদিও চলতি বছরে এর মান প্রায় ২ দশমিক ৭২ শতাংশ কমেছে।

অন্যদিকে, সিঙ্গাপুর ডলার ও মালয়েশিয়ান রিংগিত তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে। বিশেষ করে মালয়েশিয়া তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ হওয়ায় বৈশ্বিক জ্বালানি সংকট থেকেও কিছুটা সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।