ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

ইরান-ইসরায়েল সংঘাত চরমে: আবারও ক্ষেপণাস্ত্র হামলা, ট্রাম্পের সংযত থাকার আহ্বান

সত্যের কন্ঠ
জুন ৮, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) সর্বশেষ দাবি অনুযায়ী, ইরান থেকে আবারও এক দফা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, এই নতুন হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ভূপাতিত করার চেষ্টা চালানো হচ্ছে।

আইডিএফ সাধারণ ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে বলেছে, মোবাইল ফোন বা সাইরেনের মাধ্যমে সতর্কবার্তা পাওয়া মাত্রই যেন সবাই দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।

এর আগে, রোববার (০৭ জুন ২০২৬ খ্রি.) রাতেও উত্তর ইসরায়েল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে শুরু হওয়া ওই হামলার পর পুরো ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) জানায়, তারা ইসরায়েলের ‘রামাট ডেভিড’ বিমানঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের টাইর ও নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হাতে বেসামরিক মানুষের হত্যাকাণ্ড ও বাস্তুচ্যুতির জবাব হিসেবেই এই পদক্ষেপ। তেহরানের হুঁশিয়ারি, লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং এই আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলকে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে হবে।

যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া পূর্ববর্তী সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলার জবাবে সোমবার ভোররাত থেকে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন আকাশচুম্বী।

এদিকে, আইআরজিসি এক বিবৃতিতে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছে, ইসরায়েল যদি আবারও পাল্টা হামলা চালায়, তবে ইরানের প্রতিক্রিয়া হবে কল্পনাতীত বড়। সেক্ষেত্রে এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট সমস্ত লক্ষ্যবস্তু ইরানের হামলার আওতায় আসবে। অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, “ইসরায়েলের ওপর আমাদের হামলা ছিল একটি সতর্কবার্তা। নতুন কোনো আগ্রাসনের জবাব হবে আরও কঠোর।”

এই ভয়াবহ যুদ্ধপরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের হামলায় যেহেতু কেউ ক্ষতিগ্রস্ত বা নিহত হয়নি, তাই আমি আশা করি ইসরায়েলও আর পাল্টা হামলা করবে না। দুই দেশই যার যার বার্তা দিয়ে দিয়েছে, এখন আর নতুন সংঘাতের প্রয়োজন নেই।”

ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমসকে ট্রাম্প জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানের এই সংঘাতের কারণে সেই শান্তি প্রচেষ্টা ভেস্তে যাক, তা তিনি কোনোভাবেই চান না। তবে ট্রাম্পের এই বার্তার পরেও ইসরায়েলি কর্মকর্তারা পূর্বে জানিয়ে রেখেছিলেন যে, ইরানের হামলার জবাবে তারা ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ দিতে প্রস্তুত। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে এক বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।