ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্রনাথ ঘোষের বাংলাদেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

সত্যের কন্ঠ
জানুয়ারি ১, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ণ
পঠিত: 190 বার
Link Copied!

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তিনি কবে বাংলাদেশে ফিরবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ২ জানুয়ারি চট্টগ্রামের আদালতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে তিনি উপস্থিত হবেন কি না, সে বিষয়েও সন্দেহ রয়েছে।

এক সাক্ষাৎকারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আগামী ২ জানুয়ারি চিন্ময় কৃষ্ণের হয়ে আদালতে দাঁড়াবো। এর আগেই বাংলাদেশে যাব।” তবে কিছুক্ষণ পর তিনি তার বক্তব্য খানিকটা সংশোধন করে বলেন, “আমি এখন চিকিৎসাধীন। ডাক্তার যেদিন সুস্থ বলবেন, সেদিন বাংলাদেশে যাব। আমি না থাকলেও অন্য আইনজীবীরা মামলা পরিচালনা করবেন। তবে সুস্থ থাকলে অবশ্যই যাব।”

রবীন্দ্রনাথ ঘোষের পরিবার জানিয়েছে, তিনি আগামী মাসের শেষের দিকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হবেন। সেখানে তার অস্ত্রোপচারের কথা রয়েছে। ফলে শিগগিরই বাংলাদেশে ফেরা তার পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, আগামী ২ জানুয়ারি চট্টগ্রামের আদালতে দেশদ্রোহিতার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি রয়েছে। তবে সেদিন রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত না থাকলে, মামলাটি কে পরিচালনা করবেন, তা এখনও নিশ্চিত নয়। এর আগে, গত ৩ ডিসেম্বর শুনানির দিন কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত পরবর্তী শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছিলেন।

অন্যদিকে, ডিসেম্বরের শেষদিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ছেলের ফ্ল্যাটে ওঠেন রবীন্দ্রনাথ ঘোষ। সেখান থেকে তিনি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন। অভিযোগ রয়েছে, চিকিৎসার আড়ালে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি ভারতের হিন্দু সংগঠনগুলোর পাশাপাশি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরদিন তার জামিন নামঞ্জুর হলে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।