জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাপ যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দেশটিতে অ্যাপটি অ্যাপল ও গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করা যাচ্ছে না। রোববার (১৯ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই টিকটক অ্যাপ বন্ধ হয়ে গেছে। মার্কিন ব্যবহারকারীরা আর টিকটকে প্রবেশ করতে পারছেন না। অ্যাপে প্রবেশের চেষ্টা করলে দেখানো হচ্ছে যে টিকটকে একটি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর অর্থ হলো, এখন থেকে টিকটক ব্যবহার করা সম্ভব নয়।
মার্কিন গ্রাহকদের জন্য টিকটক অ্যাপে প্রবেশ নিষিদ্ধ। তবে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর টিকটক পুনরায় চালুর বিষয়ে তারা সহযোগিতা করবেন।
এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) টিকটক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল, বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন না করলে রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে টিকটকের গ্রাহক সংখ্যা ১৭ কোটিরও বেশি। তবে চীন-ভিত্তিক মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা।
উল্লেখ্য, মার্কিন প্রশাসন আশঙ্কা করছে, টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে। যদিও চীন এ ধরনের অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছে।
