ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭
আজকের সর্বশেষ সবখবর

মনমোহন সিংয়ের শেষকৃত্য: দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠান

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২৮, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
পঠিত: 89 বার
Link Copied!

আজ শনিবার (২৮ ডিসেম্বর) ভারতের রাজধানী দিল্লির নিগমবোধ ঘাট শশ্মানে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। এই অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্যান্য রাজনৈতিক নেতারা অংশ নেবেন। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি।

আজ বেলা ১১টা ৪৫ মিনিটে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ বর্তমানে রাজধানীর কংগ্রেস সদর দপ্তরে রাখা হয়েছে।

ভারত সরকার ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়কালে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কংগ্রেস পার্টি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ অন্যান্য কর্মসূচি বাতিল করেছে, যা ৩ জানুয়ারি থেকে পুনরায় শুরু হবে।

এদিকে, ড. মনমোহন সিংয়ের স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং কংগ্রেসের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস দাবি করেছে, মনমোহন সিংয়ের সম্মানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করার জন্য উপযুক্ত স্থান বরাদ্দ করা উচিত, তবে সরকার নিগমবোধ ঘাট শশ্মানকে এটি আয়োজনের স্থান হিসেবে নির্ধারণ করায় কংগ্রেস বিরোধিতা করেছে।

মনমোহন সিংয়ের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন। তবে বিজেপির মুখপাত্র সি আর কেশভান কংগ্রেসের সমালোচনা করেছেন, এবং তাদের আচরণকে ‘অস্বাভাবিক’ বলছেন।

মোদি সরকার ইতোমধ্যে নিশ্চিত করেছে যে তারা ড. মনমোহন সিংয়ের স্মৃতিস্তম্ভের জন্য স্থান বরাদ্দ করবে, যা তাঁর পরিবার এবং মল্লিকার্জুন খারগেকে জানানো হয়েছে। তবে, সরকার জানিয়েছে যে, স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ট্রাস্ট গঠন এবং স্থান বরাদ্দের প্রক্রিয়া শুরু হওয়ার পরেই তা বাস্তবায়িত হবে।

ড. মনমোহন সিং ৯২ বছর বয়সে গত বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় মৃত্যুবরণ করেন। তিনি ‘ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি’ হিসেবে পরিচিত। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

মনমোহন সিং ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন।

ড. মনমোহন সিং ১৯৯১ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিরোধী দলীয় নেতা ছিলেন। ১৯৮৭ সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।