ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এই বিপুল প্রাণহানি ঘটেছে। তবে একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, ২০২৩ সালের জুন মাস পর্যন্তই গাজায় প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়ে গিয়েছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০৪ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬ জন। আহত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৭৮ জন।
অন্যদিকে, ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে ৪১ শতাংশ বেশি হতে পারে। লন্ডন স্কুল অব হাইজিন, ইয়েল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকদের মতে, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছিল ৬৪ হাজারের বেশি। তবে ক্রমাগত হামলার ফলে সঠিক হিসাব রাখা কঠিন হয়ে পড়েছে। নিহতদের মধ্যে ৬৯.১ শতাংশ নারী ও শিশু।
