কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া ২২০ জন বাংলাদেশি অবশেষে ঢাকায় পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন।
সোমবার (৬ জানুয়ারি) রাত দেড়টায় কলকাতা থেকে মালিন্দো এয়ারের ফ্লাইটটি ছেড়ে আসে এবং রাত আড়াইটায় ঢাকায় অবতরণ করে। বিমানের যাত্রী রিয়াজ উদ্দি ফাহাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরার পথে মালিন্দো এয়ারের ফ্লাইট (নম্বর ওডি-১৬২) ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। ফ্লাইটটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
বিমানবন্দরে আটকা পড়া যাত্রীরা অভিযোগ করেন, প্রায় ১৬ ঘণ্টা অপেক্ষার পরও তাদের ঢাকায় ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের পানি খেতেও দেওয়া হয়নি।
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে বিমানটি ঢাকার পরিবর্তে কলকাতায় অবতরণ করতে বাধ্য হয়।
বিমানবন্দরে কয়েকজন গুরুতর অসুস্থ যাত্রীও ছিলেন। রিয়াজ উদ্দি ফাহাদী জানান, মালিন্দো এয়ারের ভারতীয় আঞ্চলিক অফিস বা কুয়ালালামপুর সদর দপ্তরের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। পরে, গণমাধ্যমে যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশের পর বিমান কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে যাত্রীদের ঢাকায় ফেরানোর ব্যবস্থা করে।
