ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের সাবেক মন্ত্রীর তীব্র সমালোচনা: নেতানিয়াহু নেতৃত্বের যোগ্য নন

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২১, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ
পঠিত: 105 বার
Link Copied!

ইসরাইলি বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এতেও স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। এ পরিস্থিতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। তার বক্তব্য, ইসরাইলের নেতৃত্ব দেওয়ার জন্য নেতানিয়াহু উপযুক্ত নন।

শনিবার (২০ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে গ্যান্টজ বলেন, নেতানিয়াহু ইসরাইলি সমাজ বা ইহুদি জনগণের নেতৃত্ব দেওয়ার যোগ্য নন। ইসরাইলের জনগণ একজন ভিন্ন ও যোগ্য নেতার অধিকারী।

গাজার বন্দি বিনিময় চুক্তিতে আলোচনায় অস্বীকৃতি এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে নেতানিয়াহু ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। কয়েক মাস ধরে গাজায় আটক বন্দিদের পরিবার চুক্তিতে পৌঁছানোর জন্য তার সরকারের ওপর চাপ বাড়িয়ে আসছে।

বিরোধী নেতারা এবং বন্দিদের পরিবার অভিযোগ তুলেছেন, ক্ষমতা ধরে রাখতে চুক্তিতে ইচ্ছাকৃত বাধা দিচ্ছেন নেতানিয়াহু।

অন্যদিকে উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচসহ কয়েকজন মন্ত্রী যুদ্ধের অবসানে কোনও চুক্তিতে সম্মত হলে জোট থেকে সরে যাওয়ার এবং সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন।

এছাড়া, ঘুষ গ্রহণ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহু তিনটি উচ্চপ্রোফাইল মামলার মুখোমুখি। ২০২০ সালে এসব মামলার বিচার শুরু হয়, যা এখনো চলমান। যদিও নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে এসবকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।