স্টাফ রিপোর্টার,উম্মে সালমা:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি বাসায় সংঘটিত চুরির ঘটনার মাত্র দুই দিনের মধ্যেই রহস্য উদ্ঘাটন করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে চুরির ঘটনায় জড়িত এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ১৯ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে ধলপুর এলাকার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। বাসার মালিক বিষয়টি টের পেয়ে যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। ঘটনার পরপরই তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ এবং সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ শুরু করেন।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া বিভিন্ন সূত্র এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে, চুরির ঘটনায় ফাতেমা আক্তার মেঘনা (১৮) নামে এক তরুণীর সম্পৃক্ততা রয়েছে। এরপর তাকে গ্রেফতারের লক্ষ্যে রাজধানীর বাইরে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত ২১ জুলাই বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন তমরুদ্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে ফাতেমা আক্তার মেঘনাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে ১ ভরি ১২ আনা ৩ রতি ১ পয়েন্ট ওজনের চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকার জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। চুরির ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। প্রয়োজনে এ ঘটনায় আরও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশ আরও জানায়, রাজধানীতে চুরি, ছিনতাই ও সম্পত্তিসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে ঢাকা মহানগর পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত ফাতেমা আক্তার মেঘনাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
