ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৮
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ : আইনমন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ৩, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
পঠিত: 270 বার
Link Copied!

অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারবদ্ধ বলে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক-কে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সারাহ কুক বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে যোগ দেওয়ার পর এটাই হচ্ছে আমার সাথে তাঁর প্রথম সাক্ষাৎ। তিনি যখন বাংলাদেশে ডিএফআইডির প্রধান ছিলেন তখন আমার সঙ্গে তাঁর পরিচয় ছিল। তিনি বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত খুশি। বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। হাইকমিশনার আশ্বস্ত করেছেন যে, তিনি বাংলাদেশের উন্নয়নের দিকে লক্ষ্য রাখবেন।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের আইনি কাঠামোর অনেক কিছুই ব্রিটিশ আইনের ওপর নির্ভরশীল। এখন আইনের ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে এবং এটা কীভাবে আরও উন্নত করা যায়, সে ব্যাপারে তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আলোচনায় বাংলাদেশের জুডিসিয়াল অফিসার ও আইনজীবীদের প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

তারেক রহমানের সাজা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তারেক রহমানের সাজার বিষয়ে হাইকমিশনারের সঙ্গে কোনো আলাপ হয়নি।’

সৌজন্য সাক্ষাতকালে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স উপদেষ্টা মো. রফিকুজ্জামান, ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) ভেনেসা বিউমন্ট উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।