সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৯টি যানবাহনের মালিককে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আভিযানিক দল।
র্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত সিলেটের শাহপরাণ ব্রিজের উত্তর পাশে মুরাদপুর চত্বরে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ট্রাক ও পিকআপে হাইড্রোলিক হর্ন ব্যবহার, অবৈধভাবে বালু পরিবহন এবং ত্রিপাল ব্যবহার না করার অভিযোগে ৯ জন গাড়ির মালিককে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(১) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন হর্ন ব্যবহার এবং পরিবেশবিধি লঙ্ঘন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
জনস্বার্থে পরিবেশ সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
