আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
সাইবার সুরক্ষা আইন ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি কামরুল আহসান পাভেল (৩৬)-কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকে র্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ ও র্যাব-১১ এর একটি বিশেষ যৌথ আভিযানিক দল ১৪ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে কামরুল আহসান পাভেলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মোশাহেদ হাসান পেশায় একটি রিক্রুটিং এজেন্সির ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃত পাভেল তার সহযোগীদের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। বিদেশে পাঠানো ব্যক্তিদের ব্যবহার করে ভিকটিমের বিরুদ্ধে প্রতারণা ও মানবপাচারের অভিযোগ ছড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ভিকটিমকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়।
এছাড়া, ভিকটিমের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয় এবং অর্থ না দিলে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে ৫০ লাখ টাকা দাবি করে ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় ভিকটিম মোশাহেদ হাসান গত ২৫ মে ২০২৬ তারিখে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি সাইবার সুরক্ষা আইন-২০২৬ এবং দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে পল্টন থানার অনুরোধে র্যাব-৩ এর একটি চৌকস দল আসামির অবস্থান শনাক্ত করে এবং র্যাব-১১ এর সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
