ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৩
আজকের সর্বশেষ সবখবর

সংসদীয় গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরি : স্পিকার

সত্যের কন্ঠ
আগস্ট ২, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
পঠিত: 251 বার
Link Copied!

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নারীর অর্থবহ অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। সংসদীয় গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরি।

আজ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ইউএসএইড’র যৌথ আয়োজনে ‘অ্যাডভান্সিং উইমেন্স লিডারশীপ ইন ইলেকশনস’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডিরেক্টর লিপিকা বিশ্বাসের সঞ্চালনায় ‘নির্বাচনী প্রচারণা ব্যয় (নারী প্রার্থী) আইন, ২০২৩’ শীর্ষক খসড়া বিলের উপর বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর আব্দুল আলীম। সভায় ইউএসএইড বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন পরিচালক সুঞ্জাই রেনল্ডস কুপার এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস বক্তব্য দেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ও বাঙালির অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু সংবিধানে সংরক্ষিত নারী আসন রেখেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীর ক্ষমতায়নের রোল মডেল।

স্পিকার বলেন, কোন গণতন্ত্রই নারীর অংশগ্রহণ ব্যতীত কার্যকর হতে পারে না। যে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, সে দেশের গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক। তিনি বলেন, নির্বাচনে জয় লাভ করতে রাজনৈতিক দলগুলো পুরুষ বা নারী প্রার্থী নয় বরং নির্দিষ্ট একটি আসনের জন্য যোগ্য প্রার্থীকেই বাছাই করে। তাই, মনোনয়ন প্রত্যাশীদের অব্যাহতভাবে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে।

সভায় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, হাবিবা রহমান খান, মনিরা সুলতানা, রওশন আরা মান্নান, কাজী কানিজ সুলতানা, আদিবা আনজুম মিতা, অ্যারমা দত্ত, শামীমা আক্তার খানম, শেরিফা কাদের এবং আফরোজা হক মতামত প্রদান করে বক্তব্য দেন।
ইউএসএইড এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথিব, গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।