আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে নতুন একটা খবর আছে, জি-২০ সম্মেলন হচ্ছে দিল্লিতে। আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসে থেকে নিষেধাজ্ঞা দেবে এ আশায় ছিল বিএনপি। কিন্তু কী দেখা গেল? বাইডেন নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে, সঙ্গে পুতুলও ছিলেন। বিএনপির এখন কী হবে? পতনযাত্রা নাকি পশ্চাতযাত্রা। কেবলই পেছনের দিকে বিএনপিকে যেতে হচ্ছে। বাইডেন সাহেব শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন! এসব ভালো লাগেনি বিএনপির।
আজ শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, আজকের পদযাত্রায় জনগণ নেই, জনগণ বিএনপির সঙ্গে নেই। বাংলাদেশ বৃহৎ শক্তির শক্তিকেন্দ্র। এ বলয় বন্ধুত্বের বলয়, এখানে কোনো শত্রুতা নেই। বাংলাদেশের জাতির পিতা বলে গেছেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়।
ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
