শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্নের উপর দৃঢ় বিশ্বাস রেখে অধ্যয়ন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি আজ শেভরনের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত ‘গণিত ও বিজ্ঞান শিক্ষা বিষয়ক সামার স্কুল-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান’ এ প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান।
স্পিকার শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করেন।
এইউডব্লিউ ডিন অব ফ্যাকাল্টি ও একাডেমিক এফেয়ারস ডক্টর বীণা খুরানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. শিরীণ আখতার, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ডক্টর রুবানা হক, শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স এর পরিচালক মুহাম্মদ ইমরুল কবির এবং লিগ্যালের পরিচালক মানাল মোহাম্মদ।
এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ডক্টর রুবানা হক শিক্ষার্থীদের মাঝে যোগ্যতা সনদ প্রদান করেন। উল্লেখ্য, পাঁচ সপ্তাহব্যাপী ভিন্নধর্মী সামার স্কুল প্রোগ্রামে দেশ-বিদেশের স্বনামধন্য পেশাদার ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকগণ শিক্ষার্থীদের গনিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, কম্পিউটার কোডিং এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান সেশন পরিচালনা করেন। একাদশ ও দ্বাদশ শ্রেণির সর্বমোট ৫১ জন মেধাবী শিক্ষার্থীকে সামার স্কুলে অংশগ্রহণের স্বীকৃতিস্বরুপ যোগ্যতা সনদ প্রদান করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক, প্রযুক্তি নির্ভর শিক্ষিত জাতি প্রয়োজন। এসময় তিনি উন্নয়ন কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
