ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৭
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বৃষ্টির মধ্যেই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

সত্যের কন্ঠ
জুলাই ১৪, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
পঠিত: 28 বার
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি:

‎বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রাজপথে নেমে প্রায় এক ঘণ্টা শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী।

‎বিকেল ৪টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে তারা শহরের চারটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। এতে অফিস ছুটির ব্যস্ত সময়ে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে সাময়িক ভোগান্তি দেখা দেয়।

‎আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী। একই সঙ্গে পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য তাদের সম্মানবোধে আঘাত করেছে। এ কারণে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।

‎তবে আন্দোলনের সময় মানবিকতার পরিচয় দিয়ে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেন শিক্ষার্থীরা।

‎খবর পেয়ে ঘটনাস্থলে যান ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এরপর বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে শহরের যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

‎শিক্ষার্থীরা জানান, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আপাতত ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সন্তোষজনক পদক্ষেপ না এলে বুধবার এইচএসসি পরীক্ষা শেষে দুপুর থেকে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।