বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি বিনোদন ও সৃষ্টিশীলতার এক অনন্য মাধ্যম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (২০ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার চাইলে বিতর্ক চর্চাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা কারিকুলামের মধ্যে আনার বিষয়টি বিবেচনা করতে পারে। তার মতে, সুস্থ বিতর্কের সংস্কৃতি রাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হলে তা সমাজের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।
মন্ত্রী আরও বলেন, সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনার ক্ষেত্র তৈরি করতে বিতর্ককে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা আরও বিস্তৃত ও বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন।
এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বাংলা বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি বিতর্কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
