আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর কেরানীগঞ্জ ও কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য ও অবৈধভাবে উৎপাদিত তামার তার জব্দ করা হয়েছে।
রোববার (৯ জুন ২০২৬) র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসান-এর নেতৃত্বে এবং র্যাব-১০-এর সহযোগিতায় ডিএমপির কদমতলী থানাধীন সবুজবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় মো. শাহিন রেজা (৪১) ও মো. ইদ্রিস আলী (৫৭)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়।
অপর একটি পৃথক অভিযানে কদমতলী এলাকায় মো. তারেকুল ইসলাম (৪৬)-কে অবৈধভাবে তামার তার উৎপাদনের দায়ে একই আইনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ১ হাজার ৭৭৮ কেজি তামার তার জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
