আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর কোতয়ালী থানাধীন রায়সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ লাখ টাকা মূল্যমানের ৩২৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতের নাম মো. রুহুল আমিন বেপারী (৬৭)।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ জুন রাত আনুমানিক ৯:৩০টায় লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন রায়সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রুহুল আমিন বেপারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৯৭ হাজার ২০০ টাকা, এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
