রাজধানীর মুগদা ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ পিস ইয়াবা এবং ১০ হাজার টাকা সমমূল্যের জাল নোট উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৮ জুন) র্যাব-১০ এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব জানায়, মুগদার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে ইতি আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা, এবং মাদক বিক্রির ৩৬ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড এলাকায় অভিযান চালিয়ে মো. বাবুল শেখ (৪৮)-কে ১০ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, ইতি আক্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং বাবুল শেখ জাল টাকা বিস্তারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক, জাল টাকা, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
