আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রবীণ রাজনীতিক মতিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে, মতিয়া চৌধুরীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি তার বাসভবনে পৌঁছায়। সেখানে তার শেষ বিদায়ে উপস্থিত হন ভক্ত-অনুসারী ও স্বজনরা। এরপর জানাজার নামাজ সম্পন্ন করা হয়।
মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নতুন জায়গা চাওয়া হয়েছে সিটি করপোরেশনের কাছে। জায়গা পাওয়া গেলে সেখানে দাফন করা হবে, অন্যথায় তার স্বামী বজলুর রহমানের কবরেই তাকে সমাহিত করা হবে।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ছিলেন মতিয়া চৌধুরী। তবে তার নির্বাচনী এলাকার জনগণের চাহিদা সত্ত্বেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মরদেহ সেখানে নেওয়া হবে না বলে জানান তার ভাই।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মামা মোস্তফা জামাল হায়দার জানান, সকালেই কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে তাকে হাসপাতালে আনা হয়। ইসিজির পর চিকিৎসা শুরু হলেও দুপুরে তার মৃত্যু হয়।
আওয়ামী লীগের এই বর্ষীয়ান রাজনীতিবিদ ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী।
