ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

রথযাত্রা উপলক্ষে ডিএমপির সমন্বয় সভা, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

সত্যের কন্ঠ
জুলাই ১২, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সমন্বয় সভা করেছে। সভায় রথযাত্রা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিপিএম-সেবার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজধানীতে পিকেট পার্টি, টহল দল, সিসিটিভি নজরদারি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

এ সময় রথযাত্রা নির্ধারিত রুট ও সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। পাশাপাশি নামাজ ও আজানের সময় লাউডস্পিকার বা মাইক ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ বা পোটলা বহন না করা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর রথযাত্রা একটি বড় ধর্মীয় শোভাযাত্রা হওয়ায় জনসমাগমও বেশি হবে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার সংশ্লিষ্ট রথযাত্রা উদ্‌যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।

তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। সাদা পোশাকে নিরাপত্তা সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, ফায়ার সার্ভিস, গোয়েন্দা সংস্থা এবং রথযাত্রা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।