আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুর থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মুশফিকুর রহমান মোমেন (৩২)কে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম বাদীর মেয়ে। গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিকটিমকে আসামিরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের মা মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন থানার একটি বাসা থেকে দুই নারীসহ ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে মূল আসামি মো. মুশফিকুর রহমান পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের বক্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ৭ এপ্রিল ২০২৬ তারিখে মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামিকে গ্রেফতারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ১১ জুন ২০২৬ দুপুর ৩টা ৫৫ মিনিটে নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব আরও জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
