আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ বাবু ওরফে শফি (৫২)-কে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব-৩ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯:০৭টায় শাহজাহানপুর থানাধীন ঝিল মসজিদের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বাবু ওরফে শফিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, ২০০৫ সালে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ ৫ম আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকেই তিনি পরিচয় ও বেশভূষা পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত বাবু ওরফে শফির বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও, খিলক্ষেত ও শাহজাহানপুর থানায় মাদকসংক্রান্ত মোট ২২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
