আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব-৩ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৯:৪৫টায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল আহমেদ (৩৬), এহসান উল্লাহ (২৮), মোঃ নাছির উদ্দিন (৪৫) ও মোঃ মিতুল (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৪ হাজার ৮১০ টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ১০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সীমান্তবর্তী কক্সবাজার এলাকা থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে খুচরা দামে বিক্রি করতেন। তারা নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলেও স্বীকার করেছেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
